26 Jun একটা কথা স্বীকার করে নেওয়া ভালো, কিছুই শেখা হলোনা এখনো…
একটা কথা স্বীকার করে নেওয়া ভালো, কিছুই শেখা হলোনা এখনো। কি লেখাপড়া, কি গানবাজনা, কি ছবি আঁকা, কিছুই না! হ্যাঁ, তবে পড়ে আনন্দ পাই। লেখার আগ্রহও খুবই। কিন্তু প্রতিবারই কোনো লেখা শেষ করে স্পষ্ট বুঝতে পারি যে এবারও লিখতে পারলাম না। তবু চেষ্টা চালিয়ে যাই। গান শুনতে, গাইতে ভালো ভালো লাগে ছোটবেলা থেকেই। বাংলা গানের অকূল সমুদ্রের পারে আকুল হয়ে বসে থাকি। তার গভীরে, অতলে যাওয়া তো দূর কি বাত, পায়ের পাতাটুকুও ভেজাতে পারিনি ভালো করে। মনের আনন্দে, ভালোবেসে গান গাই। কেউ শুনে তারিফ করলে, বিশ্বাস করুন, ভিতরে ভিতরে অপরাধবোধ হয়। আমি সত্যিই এই তারিফের যোগ্য তো ! তবু চেষ্টা করে যাই। কাঙালের মতো বসে থাকি আবহমান বাংলা গানের জলসঘরের দরজায়। ভিতর থেকে ভেসে আসে গান। অনন্ত মুগ্ধতা আমাকে জড়িয়ে রাখে শীতের চাদরের মতো। জন্মের অতল থেকে সুর উঠে আসতে চায় গলায়। আনন্দে তার আগল খুলে দিতেই গেয়ে উঠি গান। কিন্তু প্রতিবার বুঝতে পারি, আসলে কিছুই পারিনি। তবু লণ্ঠন হাতে অন্ধকারে খুঁজে বেড়াই পরশপাথর। ওই খোঁজটুকুই আমার। “আমার এই পথ চাওয়াতেই আনন্দ”। সেই আনন্দেই গান গাই। গান হোক বা না হোক গেয়ে যাই। যেভাবে আদিম মানুষ গান গেয়ে উঠেছিল একদিন, সেভাবেই, যেভাবে পাখি গেয়ে ওঠে, ততটাই স্বাভাবিক ভাবে। দাবী নেই কোনো! ওই দরজার কাছে বসে থাকাই আমার অনেকখানি। তাই বসে থাকি… ভালো থাকি…