26 Jun এখনো তিনদিন বাকি…
এখনো তিনদিন বাকি। কিন্তু চারপাশ জুড়ে আকাশে, বাতাসে, রোদের উষ্ণতায়, সন্ধের স্নিগ্ধতায়, পুকুরপাড় জুড়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, অমলতাসের রঙের উন্মাদনায়, স্থলে, জলে অন্তরীক্ষে সর্বত্রই যেন পঁচিশে বৈশাখের গন্ধ।বাঙালীর প্রানের ঠাকুর, মনের মানুষের জন্মদিন উদযাপন করতে প্রকৃতিও সেজে উঠেছে ছোট্ট মেয়েটির মতো, হলুদ শাড়ি পরে। তার হাতে, মাথায়, গলায় সাদা ফুলের সাজ। চোখে গভীর কাজল। পায়ে ঘুঙুর। যেন এক্ষুনি নেচে উঠবে- “ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদু বায়”
এবার তো আর সামিল হতে পারবোনা ওদের সাথে
তাই বুঝি আজ সকাল থেকেই বিষণ্ণ মনটা গানের কাছে গিয়ে দু’দণ্ড বসতে চাইছিল। উড়তে চাইছিলো গানের খোলা আকাশে।উড়তে গিয়েই দেখি, আকাশ কোথায়? সে যেন এক অসীম গীতবিতান ! একের পর এক গান ভেসে চলছে মেঘ থেকে মেঘে… নীল থেকে নীলের গহীনে… আর আমি তাদের ছোঁয়ার চেষ্টা করে চলেছি কত যুগ…কত জন্ম…কত অনন্তকাল ধরে…