26 Jun স্মৃতি আসলে একটা ডাকঘর যার কোনো অফিস আওয়ার নেই…
স্মৃতি আসলে একটা ডাকঘর যার কোনো অফিস আওয়ার নেই। কারণে অকারণে যখন তখন চিঠি আসে রংবেরঙের খামে। আর গান হলো সেই ডাকঘরের ডাক-হরকরা। কোনো সময়ের সীমারেখা নেই তার, এই অন্তহীন ডিউটিতে। যখন খুশি আসে। ঘণ্টি বজায়। হাতে ধরিয়ে দেয় খাম। খাম খুলতেই চিঠি, আর চিঠি খুলতেই কথার পর কথা। পড়তেই থাকি পড়তেই থাকি… কথা আর ফুরোয়না-কাগজ ফুরিয়ে যায়। কথারা তখন কাগজ ছাড়িয়ে গড়িয়ে পড়ে মেঝেতে। কথার উপর কথা জমতে জমতে ঘর থই থই করে। দেখতে দেখতে হাঁটুজল… কোমরজল…গলাজল… নিরুপায় ডুবে যাওয়া ছাড়া আমার তখন আর কোনো কাজ নেই। নিজেকে নিঃশর্ত সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। ডুবতে ডুবতে শুনতে পাই কে যেন ডাকে, দরজায় টোকা দেয়। কোনোক্রমে দরজা খুলতেই কথার স্রোত কোথায় মিলিয়ে যায়। আমি চারপাশে হাত বাড়িয়ে কথাগুলোকে খুঁজি… নেই… কেউ নেই। শুধু একটা দীর্ঘশ্বাস তানপুরার মতো বাজতে থাকে একটানা। অপেক্ষায়… পরের গানের…