26 Jun কোনো কোনো বিকেল প্রত্নতাত্ত্বিক…
কোনো কোনো বিকেল প্রত্নতাত্ত্বিক। অনেকদিন আগে পেরিয়ে আসা কোনো বৃষ্টি-দুপুর খনন করে বিষাদ তুলে নিয়ে আসে। তার ধুলো মুছে, মাটি পরিষ্কার করে সামনে রাখে স্পষ্ট অবয়ব-যেন গতকাল। তার দিকে অপলক তাকিয়ে থাকে মন। তার হাতে ইতিহাস বই… নাকি পুরোনো ডায়েরি!ঘুরতে থাকা পাখার হওয়ায় একটা একটা করে পৃষ্ঠা উল্টে যায় আর প্রত্যেক পৃষ্ঠা থেকে পুরোনো, অনেক পুরোনো সব সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত্রিরা ছড়িয়ে পড়ে হওয়ায়। একটা মিঠে গন্ধ আদুরে বেড়ালের মতো গা ঘষতে থাকে সারা গায়ে।
আরামে বুঁজে আসে চোখ। কখন সন্ধে নেমেছে কে জানে। ফিরবো বলে উঠে দাঁড়াতেই সে হাত চেপে ধরে আর কিছুক্ষন থাকার আবদার করে…
তারপর কত দুপুর, কত বিকেল, কত সন্ধে, কত দিন, কত মাস, কত বছর ঢুকে গেল সময়ের মহাফেজখানায়। কত ঝড়, কত তুফান তোলপাড় করে ফিকে হয়ে গেল দেখতে দেখতে… শুধু দুপুর গড়ালেই সেই মিঠে গন্ধটা গায়ে গায়ে জড়ায় আদুরে বেড়ালের মতো…আর কিছুক্ষন প্লিজ…