26 Jun সারাটা দিন ধরে আকাশের মুখ আজ মেঘলা…
সারাটা দিন ধরে আকাশের মুখ আজ মেঘলা। থেকে থেকেই বৃষ্টি। আর বৃষ্টি থামলেই মাটির বুকের থেকে উঠে আসছে মনখারাপের সোঁদা গন্ধ।থেকে থেকে বাতাসে ভেসে ভেসে আসছে কার যেন দীর্ঘশ্বাস- বন্ধু, কী খবর বল। কতদিন দেখা হয়নি। কে যেন একটা রুমাল ফেলে চলে গেছে সামনের রাস্তায়, বৃষ্টি থামার পর। এখন ঘূর্ণী হওয়ায়, এই মেঘলা নির্জনতায় সে উড়ে বেড়াচ্ছে এখানে-ওখানে। উড়ছে, ভাসছে, দোল খাচ্ছে, ঘুরছে। তার নাচের ছন্দে জেগে উঠছে গান- মেঘলা দিনের গান। উড়ে যাচ্ছে স্বাধীন ঘুড়ির মতো। পৌঁছে যাচ্ছে মেঘে। মেঘ চলেছে অচিনপুরে গানের চিঠি নিয়ে… অপেক্ষার উঠোনজুড়ে বৃষ্টিধারায় ঝরে পড়বে কথা… ঝরে পড়বে সুর… তারপর মেঘের ছুটি। মেঘভাঙা রোদ এসে পড়বে জানালায়। চোখ মুছে কেউ হেসে উঠবে অসুখ পেরিয়ে। ভেজা উঠোনে তখনও থই থই করবে মেঘলা দিনের গান….