26 Jun রাতে ঘুম আসেনা, গান আসে…
রাতে ঘুম আসেনা, গান আসে। তার গা থেকে গড়িয়ে পড়ে সুর। মাটি ছুঁতেই সে হয়ে যায় অপনবেগে পাগলপারা এক নদী। পায়ে তার রুপোর মল। পরনে নীল রঙের শাড়ি। ছিপছিপে শরীরে তিন সপ্তকের চরাই-উৎরাই। দু চোখে সাপাট টানের ঝলক খেলিয়ে সে প্রশ্ন করে- এত রাত্রে জেগে আছো যে বড়ো ! ঘুমোবেনা ?
– ঘুম আসেনা যে..
– তবে চলো আমার সাথে!
– যেতে তো চাই, কিন্তু লকডাউন???
– সুরের সাম্রাজ্যে আবার লকডাউন কিসের??
খিলখিল করে হেসে ওঠে সে। তার হাসিতে বেজে ওঠেন নিখিল ব্যানার্জী। সে আবার বলতে শুরু করে- আমাদের দেশে তোমার কোথাও যাবার কোনো নিষেধ নেই। যেখানে যেতে চাও যাও। যতক্ষন থাকতে মন চায় থাকো না! এক জায়গা থেকে আরেক জায়গায় ঝটিকা সফর করতে চাও যদি ,তাতেও কারো আপত্তি নেই। তবে হ্যাঁ, পিছলে যেওনা কখনো। যেখানেই যাও, শিকড় গেঁড়ে দাঁড়াবে।
বললাম- হারিয়ে যাই যদি…
সে আবার তার হাসিতে সুরমণ্ডল বাজিয়ে আকাশে ধ্রুবতারার দিকে তর্জনী দেখিয়ে বললো- ওই যে ‘সা’। তাকে যদি চেনো, তবে আর হারিয়ে যাবার ভয় কিসের? সা-ই তো সাঁই !! সা-ই তো আশ্রয়!!
আমার লজ্জার রং লাগলো পুব আকাশে। এখনো তো ভালো করে ‘সা’ শেখা হলোনা আমার!!