26 Jun কোয়ারেন্টাইন, লকডাউন, হটস্পট, সোশ্যাল ডিস্ট্যান্সিং…
কোয়ারেন্টাইন, লকডাউন, হটস্পট, সোশ্যাল ডিস্ট্যান্সিং … কিছুদিন আগেও মানুষের জীবনে এই শব্দগুলোর কোনো অস্তিত্বও ছিলোনা। আর এখন এই শব্দগুলোই মগজে কারফিউ জারি করে রেখেছে। কয়েকদিনের মধ্যেই জীবন কেমন নতুন অভ্যাসে অভ্যস্ত হয়ে গেল। পারস্পরিক সম্পর্ক গুলো রিয়েলিটি থেকে কত অনায়াসে ভার্চুয়ালিটিতে কনভার্ট করে নিতে পেরেছি আমরা। আর যাদের মাথার উপর ছাদটুকুও নেই, হাত ধোয়ার জলের সংস্থানটুকুও নেই, মাস্ক তো দুরস্থান পরনের কাপড়টুকুও যাদের ঠিকঠাক লজ্জা নিবারণের উপযোগী নয়, যাঁরা রোজ আধপেটা বা অনাহারে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নীচে, ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী মানুষ, যারা জানতেও পারছেননা তার পরিবার পরিজন ঠিক কী অবস্থায় আছেন, তাদের কাছে ওই শব্দগুলো আগেও যেমন অর্থহীন ছিল, এখনো তেমনই অসার। আমাদের ভার্চুয়াল “টিঁকে থাকা” তাদের রিয়েল “বাঁচার লড়াই” এর পাশে নেহাৎ অশ্লীল বলে মনে হয়। অসহায় লাগে খুব। নিজের অসহয়তায় লজ্জা পাই। মুখ লুকাতে গানের কাছে যাই। সেও তো আসলে নিজেকে সামলে রাখার স্বার্থপরতাই….
“আমিও ভণ্ড অনেকের মতো, গান গেয়ে ঢাকি জীবনের ক্ষত” কী করব? আর কিছু পারিনা যে… কিচ্ছু না…